মা-শিশুসহ ১০ পথচারী আহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

হঠাত্ ফুটপাতে প্রাইভেট কার

ইত্তেফাক রিপোর্ট 

রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে হঠাত্ ফুটপাতে উঠে গেলে মা-শিশুসহ ১০ জন পথচারী আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শায়ান হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে থানার ডিউটি অফিসার ওবায়দুর জানান, প্রাইভেটকারটি এয়ারপোর্ট থেকে বনানীর দিকে যাচ্ছিল। পথচারীরা তাত্ক্ষণিক চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে। তিনি আরো জানান, আহতদের কয়েকজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা মেডিক্যালে ভর্তিদের মধ্যে একই পরিবারের দুই জন আছে। তারা মা-মেয়ে। মা তামান্না আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার। আহত আরেকজন হলেন জাহিদা বেগম। ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত বলে চিকিত্সকরা তাদের জানিয়েছেন।