সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি উত্পাদন করছেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের কৃষকরা। সম্পূর্ণ পরিবেশবান্ধব, রাসায়নিক-বালাইনাশক ছাড়াই নিরাপদ সবজি অবাদ করে আশা জাগিয়েছেন ঐ গ্রামের কিষাণ-কিষাণিরা। তাই সোনাখুলি যেনো হয়ে উঠেছে নিরাপদ ও বিষমুক্ত সবজির গ্রাম। সরেজমিনে দেখা গেছে, চারিদিকে সবুজ আর সবুজ। সৈয়দপুর কৃষি বিভাগের পরামর্শে গ্রামের ছয় একর জমিতে চাষ হচ্ছে বিষমুক্ত নানা রকম সবজি। এরই মধ্যে জমি থেকে আলু তুলে নিয়েছেন। বর্তমানে জমিতে রয়েছে শিম, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, মিষ্টিকুমড়া, লাউ, ধনেপাতা, বেগুন ইত্যাদি। কৃষক সুভাষ চন্দ্র রায় বলেন, আগে আমরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করতাম। কীটনাশক স্প্রে করতাম। এর মাধ্যমে হাইব্রিড জাতের শাকসবজি আবাদ করেছি। এতে ফলন বেশ ভালো হতো। কৃষি বিভাগের কাছ থেকে জানার পর সিদ্ধান্ত নিয়ে ফেলি আর মানুষকে বিষ খাওয়াব না। বর্তমানে আমাদের গ্রামের সকলেই নিরাপদ সবজি আবাদে হাত বাড়িয়েছে। কিষানি মায়া রানী রায় জানান, কেঁচো সার তৈরিতে বেশ দক্ষ হয়ে উঠেছেন। মাত্র ১৫ দিনের মাথায় প্রক্রিয়ার মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরি করেন তিনি। এই সার জমিতে প্রয়োগ করলে অনেক ভালো ফলন মেলে বলে জানান তিনি। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নিরাপদ কৃষি গ্রাম হচ্ছে একটি পরীক্ষামূলক কার্যক্রম। দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের কার্যক্রম সম্প্রসারিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
