ঝিনাইদহে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি আকতার ওরফে পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মো. সোহরাব হোসেন ওরফে সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পিংকি মারা যায়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় পিংকিকে হত্যার উদ্দেশে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার স্বামী। ঐ দিন রাতেই পুলিশ সৌরভকে গ্রেফতার করে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক এমদাদুল হক নিহত পিংকির মা কাজল বেগমের অভিযোগের ভিত্তিতে জানান, ঝিনাইদহ শহরের নতুন হাটখোলার পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করত শহরের আদর্শপাড়ার আব্দুস সাত্তারের ছেলে সোহরাব হোসেন সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে ধর্ষণ করে। এ ঘটনায় পিংকি ঝিনাইদহ সদর থানায় মামলা করে। পুলিশ সৌরভকে গ্রেফতার করে। সে জেলহাজাতে ছিল। মীমাংসার পর সৌরভ পিংকিকে বিয়ে করে। গত ১৬ ফেব্রুয়ারি সৌরভ পিংকির বাড়ি এসে ২ হাজার টাকা চায়। পিংকি দিতে অস্বীকার করলে সৌরভ তাকে মারপিট করে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে পিংকি মারা যায়। কাজল বেগম এ ঘটনায় থানায় মামলা করেন। পিংকি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে তার মা জানিয়েছেন। ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান বলেন, মামলা হওয়া মাত্র আমরা আসামিকে গ্রেফতার করি। এখন ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্ত করে আদালতে রিপোর্ট দেওয়া হবে।