সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

 

চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম অফিস নগরীর বায়েজিদ টেক্সটাইল আনন্দবাজার এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে আক্কাস আলী নামের এক শ্রমিক মারা গেছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার আশুগঞ্জের ফয়েজুন নূরের ছেলে। রবিবার এই ঘটনা ঘটে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, মুমূর্ষু অবস্থায় আক্কাস আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় আটক ১

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার নাঙ্গলকোটে প্রথম শ্রেণিতেপড়ুয়া এক শিশুকে ধর্ষণের মামলায় নেছার উদ্দিন (৩৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। রবিবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে পুলিশ ঐ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গত শুক্রবারে ধর্ষণের ঘটনায় শনিবার রাতে ঐ শিশুর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে। পুলিশ রাতেই ধর্ষককে আটক করে। সে কাশিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা রূপগঞ্জের মাহমুদাবাদ এলাকার সামাজিক সংগঠন সুন্দর জীবন ক্লাবের উদ্যোগে রবিবার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। উপজেলা কমপ্লেক্সসংলগ্ন মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেন, ইউএস বাংলা মেডিক্যাল কলেজের চিকিত্সক বায়েজীদ আহম্মেদ, ক্লাবের সভাপতি নাফিজ প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার।  রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু ও শাহাবুদ্দীন ফরাজী, সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান প্রমুখ।

হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে অ্যাডভোকেসি সভা

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে রবিবার হাম-রুবেলার টিকাদান কর্মসূচির ওপর ক্যাম্পেইন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাসপাতালের হলরুমে এর আয়োজন করা হয়। ইপিআই এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। মেডিক্যাল অফিসার ডা. এনায়েতুর রহমান, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিশুশিক্ষার্থী তুবার স্মরণে সভা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুশিক্ষার্থী মাহজাবীন তুবার স্মরণে রবিবার দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিঠিপর বাজারসংলগ্ন মাতৃছায়া স্কুল চত্বরে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। মাতৃছায়া ফাউন্ডেশনের পরিচালক নুর আমিনের সভাপতিত্বে তুবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, ইউপি সদস্য আব্দুর সাত্তার প্রমুখ।

নরমাল ডেলিভারিবিষয়ক অবহিতকরণ কর্মশালা

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা মনোহরদীতে রবিবার সার্বক্ষণিক নরমাল ডেলিভারি সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন উপপরিচালক ডা. তৃপ্তি পাল, উপপরিচালক অরবিন্দ দত্ত প্রমুখ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে ফরিদপুরে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত টিম কাউন্টার টেরোরিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের আয়োজনে কর্মশালা শুরু হয়েছে। চার দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে জেলা পুলিশ ও জেলা কারারক্ষীদের ২৫০ সদস্য অংশ নেন। স্থানীয় কবি জসীমউদ্দীন হলে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, এডিসি সিদ্দিকুর রহমান, এডিসি মো. তৌহিদুল ইসলাম ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা উপস্থিত ছিলেন।

সাউথ এশিয়ান ইয়ুথ ফেস্টিভালে নজরুল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভাল। এতে অংশ নিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফেস্টিভালে দক্ষিণ এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লাইট, ভোকাল, গ্রুপ সং, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, ডিবেট, ইলোকিউশন, পোস্টার মেকিং এবং ক্লে মডেলিংসহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের শিক্ষা, সামাজিক, সংস্কৃতি, অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করবেন।

ভিক্ষুক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চেক বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নকল্পে লক্ষ্যে রবিবার ১ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এই চেক বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা সমাজ কল্যাণ বিভাগের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন ও নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নকল্পে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।