বেড়েই চলেছে ওষুধের দাম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

মানুষের জীবন রক্ষাকারী ওষুধের দাম বেড়েই চলেছে। বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে ওষুধ বিক্রি করছেন। এদিকে ফরমালিনযুক্ত খাবার, অতিরিক্ত ফাস্ট ফুড, অনিয়মিত খাবার গ্রহণ, ধূমপান ও মাদক দ্রব্য গ্রহণসহ নানান কারণে রোগীর সংখ্যা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানীং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওষুধের প্রতিটি পাতায় মূল্য লেখা বাধ্যতামূলক করা। ওষুধের পাতায় দাম উল্লেখ না থাকায় ওষুধ ব্যবসায়ী এবং ফার্মেসিগুলো ভুয়া ক্যালকুলেশন করে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করছে। কিছু ওষুধের দোকান ওষুধের দাম বেশি রাখায় দণ্ডপ্রাপ্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আইনের চোখকে ফাঁকি দিয়ে প্রতারণা চলছেই। সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলের পাতায় মূল্য মুদ্রিত থাকে না। ফলে দোকানদারদের মুখের কথার ওপর নির্ভর করেই সেগুলো ক্রেতাদের কিনতে হচ্ছে। প্রতিবার, প্রতিটি ক্ষেত্রে ওষুধের প্যাকেট দোকানদারের কাছ থেকে চেয়ে নেওয়ার পর মোট মূল্য দেখে সেটাকে ভাগ করে প্রতি পাতার মূল্য বের করে ওষুধ কেনা দুরূহ ব্যাপার। তাছাড়া গ্রামের অর্ধশিক্ষিত, অশিক্ষিত মানুষ এতকিছু ঘেঁটে দেখেও না। এমনকি মফস্বল বা শহরের শিক্ষিতরা এ নিয়ে মাথা ঘামায় না। আর এই সুযোগে ওষুধের মূল্য নিয়ে প্রতারণা করছে এক শ্রেণির বিক্রেতা। সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এই যে, ওষুধের প্রতি স্ট্রিপ বা পাতায় মূল্য উল্লে­খের বিষয়টি আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নিন।

মো. আল-আমিন আহমেদ

শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ