সেমিনারে ড. কাজী খলীকুজ্জমান আহমদ
ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্পায়নকে উত্সাহিত করতে সেখানে পুঁজির জোগান নিশ্চিত করতে হবে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যে ঋণ বিতরণ করা হচ্ছে, তার অন্তত ৭০ শতাংশ গ্রামাঞ্চলে বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। শনিবার ইস্কাটনে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। উদ্যোক্তা তৈরি করতে হলে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় উদ্যোক্তা শিক্ষার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ‘পরিবেশবান্ধব ও সবুজ প্রকৌশলভিত্তিক উদ্যোক্তা’ শীর্ষক ঐ সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্কুলের উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের সভাপতি উম্মুন নাহার আজমি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, সিকিউরা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান খান, ডিএসসিইর শিক্ষা কার্যক্রম ও উন্নয়নের প্রধান শেখ একরামুল কবির প্রমুখ।
