ইত্তেফাক রিপোর্ট
ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খুলতে আর অনেক বেশি পাতার ফরম পূরণ করতে হবে না। এক পাতাতেই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট। এতে গ্রাহকরা সহজে ব্যাংক হিসাব খুলতে পারবেন। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থায়ী-সঞ্চয়ী ও বিশেষ স্কিম খোলার ফরম কেমন হবে সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা ও নমুনা দেওয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এ ফরম অবশ্যই প্রচলনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
হিসাবধারীর পেশা ও অর্থের উত্স বিবেচনায় ব্যাংক হিসাবধারীর কেওয়াইসি করার পাশাপাশি ট্রানজেকশন প্রোফাইলও পূরণ করবে এবং হিসাব খোলার ছয় মাস পর প্রকৃত লেনদেন বিবেচনায় তা হালনাগাদ করবে।
এর আগে গত মাসে ই-কেওয়াইসি বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একটি নীতিমালা জারি করেছে। যেখানে বলা হয়েছে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে স্ব-শরীরে শাখায় না যেয়েও ঘরে বসেও ই-কেওয়াইসি পদ্ধতিতে ব্যাংক হিসাব, বিও হিসাব ও বিমা পলিসি হিসাব খুলতে পারবে।
