প্রথমবারের মতো আজ ভারতে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৬

ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আজ সোমবার ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদ থেকে শুরু করে আগ্রা হয়ে নয়াদিল্লিতে ৩৪ ঘণ্টার ঝটিকা সফর করবেন তিনি। ট্রাম্পের এই সফর ঘিরে উচ্ছ্বসিত ও আয়োজনে ব্যস্ত নরেন্দ্র মোদির সরকার। যে কারণে একদিন আগেই প্রধানমন্ত্রী মোদি টুইট করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গোটা ভারত মুখিয়ে রয়েছে। এই সফরকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখছে না নরেন্দ্র মোদির সরকার। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিশাল এই আয়োজনের জন্য প্রায় ১৩০ কোটি রুপি খরচ করা হচ্ছে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ কোটি রুপি খরচ করছে নরেন্দ্র মোদির নিজ রাজ্য  গুজরাটের সরকার। আর ট্রাম্পের জন্য থাকছে সাত স্তরের নিরাপত্তা। খবর :এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

ট্রাম্পের অপেক্ষায় ভারত :ভারতে পৌঁছানোর একদিন আগেই টুইটারে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশ ট্রাম্পকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল বিকালে টুইট বার্তায় মোদি বলেন, মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে ভারত। আমরা সম্মানিত বোধ করছি যে—আগামীকাল তিনি আমাদের সঙ্গে থাকবেন, আহমেদাবাদে ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেবেন। ট্রাম্পের সফর ঘিরে উন্মাদনা কতটা, তা বোঝাতে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণির পোস্ট করা একটি ভিডিও রিটুইট করেন মোদি।

এক নজরে ট্রাম্পের ভারত সফর :ভারত সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি থাকবেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার। ডোনাল্ড ট্রাম্পের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ দিল্লি নয় বরং আজ দুপুর ১২টা নাগাদ আহমেদাবাদের সরদার বল্লভভাই বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানাবেন।

সেখান থেকে দুই নেতা মোতেরা যাবেন সরদার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে। বিমানবন্দর থেকে মোতেরা যাত্রাপথে দুই নেতা রোড শোতে অংশ নেবেন। এ সময় ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ১ লাখের বেশি মানুষ জড়ো হয়ে ট্রাম্পকে স্বাগত জানাবেন। মোতেরা যাওয়ার পথে তারা সবরমতি আশ্রমে যাবেন। সেখানে দুই নেতা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিতে সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে যাবেন। অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকবেন। ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের পর মধ্যাহ্নভোজ শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি আগ্রায় তাজমহল দেখতে যাবেন। সেখানে তারা প্রায় ৪৫ মিনিট অবস্থান করবেন। এরপরই তারা নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামীকাল সকাল ১০টায় ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানাবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার স্ত্রী। সকাল সাড়ে ১১টায় ট্রাম্প যাবেন হায়দ্রাবাদ হাউজে। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

ট্রাম্পের ওপর হামলা

করতে পারে বাঁদর!

বিলাসবহুল জাঁকজমকপূর্ণ সফর। আর এই সফরের মাঝেই চিন্তার নাম বাঁদর বাহিনী। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আগ্রায় তাজমহল দেখতে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই বাঁদর বাহিনীর টার্গেটে পড়তে পারেন তিনি! এই নিয়ে চিন্তায় পড়েছে তার নিরাপত্তা কর্মকর্তারা। আপাতত আগ্রার কুখ্যাত বাঁদর বাহিনীর মোকাবিলা করতে মোতায়েন করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি হনুমান।

পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়ের এক খবরে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে আগ্রায় পৌঁছনোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে থাকবে ঐ হনুমানগুলো। বাঁদরের হামলা থেকে রক্ষায় আপাতত নির্ভর করতে হচ্ছে হনুমান বাহিনীর ওপরই। 

খবরে বলা হয়েছে, তাজমহল চত্বরে কমপক্ষে ৫০০ থেকে ৭০০ বাঁদরের বাস। দূর থেকে গুলতি ছুড়ে বাঁদর তাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু তাতেও চিন্তা যাচ্ছে না। আপাতত পুলিশ ভেবেছে, তারা বাঁদর তাড়ানোর সরঞ্জাম নিয়ে তৈরি থাকবেন। এক কর্মকর্তা বলেন, এভাবে কয়েকটা বাঁদর তাড়ানো সম্ভব, ঝাঁকে ঝাঁকে বাঁদরকে তাড়ানো কঠিন হবে। আশা করি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না।