মায়ারা জামিনে থাকলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না :ফখরুল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৯

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার এই মামলায় জামিন দেওয়া হোক। তাকে আটকে রাখার কোনো রকম আইনি বিধান নেই। সব বিবেচনায় তিনি মুক্তি পাওয়ার অধিকারী। অথচ সম্পূর্ণ বেআইনিভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। খালেদা জিয়ার মতো একই রকম মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা জামিনে আছেন, আপনাদের মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া জামিনে আছেন, মহীউদ্দীন আলমগীর জামিনে আছেন। আর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যিনি গণতন্ত্রের মা, সেই নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছেন।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, শ্রমিকনেতা আবুল খায়ের খাজা, মোস্তাফিজুল কবির মজুমদার, রফিকুল ইসলাম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে আটকে রেখে সরকার মুজিববর্ষ পালন করতে যাচ্ছে, যা অত্যন্ত লজ্জার। বিএনপির জন্য খুব দুঃখের যে বেগম জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন কারাগারে বন্দি অবস্থায়। তার মুক্তির জন্য পথে পথে সভা করে যেতে হচ্ছে বিএনপিকে। তাকে মিথ্যা মামালায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে, সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, যা জামিনযোগ্য হওয়ার পরও জামিন দেওয়া হচ্ছে না। ফখরুল আরো বলেন, ‘আমরা আদালতকে বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই বারবার যাই। আমরা আশা করি, আমরা ন্যায়বিচার পাব। কিন্তু এ সরকার আদালতকেও নিয়ন্ত্রণ করছে। তাই আমরা ন্যায়বিচার পাচ্ছি না। খালেদা জিয়াও ন্যায়বিচার পাননি।’