যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দৌঁড় এগিয়ে আছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। নিউ হ্যাম্পশায়ারে জয়ের পর নেভাদা ককাসেও জয় পেয়েছেন স্যান্ডার্স। আর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় অবস্থানে আছেন। খবর রয়টার্সের
শনিবার নেভাদা ককাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল পর্যন্ত কাউন্টি কনভেনশনে ৪৭ ভাগ ডেলিগেটের সমর্থন পেয়েছেন স্যান্ডার্স। ১৯ শতাংশ ডেলিগেটের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে জো বাইডেন। ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র পিতি বুতিগিয়েগ ১৫ শতাংশ সমর্থন পেয়ে তৃতীয়স্থান লাভ করেছেন। আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে খারাপ ফল করা সিনেটর এলিজাবেধ ওয়ারেন নেভাদায়ও ১০ শতাংশ ভোট পেয়েছেন।
জয়ের পর স্যান্ডার্স বলেছেন, আমরা সব ধর্ম ও বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেভাদায় জয় পেয়েছি। বামপন্থি ঘরানার স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, সারাদেশেই আমাদের জয় পেতে হবে। কারণ আমেরিকানরা একজন প্রেসিডেন্টের অনর্গল মিথ্যা কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে। জো বাইডেন বলেন, মিডিয়া মানুষকে মৃত ঘোষণা করতে প্রস্তুত থাকে; কিন্তু আমরা মরিনি, আবার ফিরে আসছি এবং জয়ী হব। বুতিগিয়েগ স্যান্ডার্সকে সমর্থন না দিতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ স্যান্ডার্স এমন আদর্শবাদী যে, নির্বাচিত হলে দেশকে বিভক্ত করবেন।
