পিইসি, জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে :প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চলমান রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, এসব পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করছে। গতকাল সোমবার গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর এবং বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিকে যেহেতু ক্লাস ফাইভে এবং এইটে একটা পরীক্ষা হচ্ছে-জানি অনেকেই এর বিরুদ্ধে কথা বলেন। অনেকের আপত্তি আছে কেন এই পরীক্ষাটা হচ্ছে। কিন্তু এই পরীক্ষাটা হওয়ার ফলে আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে একটা আত্মবিশ্বাস গড়ে উঠছে।’ তিনি বলেন, তারা পরীক্ষার পরে হাতে যে একটা সার্টিফিকেট পাচ্ছে সেটা আমি মনে করি তাদের সামনের দিকে পড়াশোনায় আরও মনোযোগী করবে। তিনি উল্লেখ করেন, সকলেই তো আর উচ্চশিক্ষা নেবে না, অনেকেই কারিগরি শিক্ষা বা অন্য যেসব তাদের দক্ষতা রয়েছে সেসব পেশায় তারা যাবে।

শিশুদের সঙ্গে শেখ হাসিনার আনন্দঘন মুহূর্ত

কখনো এক শিশুর দোলনা দুলিয়েছেন। কখনো রাইডে স্লিপ কেটে আসা শিশুকে আগলে নিয়েছেন বুকে। আবার কখনো রঙিন বল নিয়ে খেলতে থাকা শিশুদের সঙ্গে মেতেছেন খুনসুঁটিতে। গতকাল সোমবার গণভবনের লনে এমনই এক আনন্দে ভরা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।