কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবর বাশিরকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত অপর পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০২ সালের ২ মে দিবাগত রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মো. জজ মিয়ার বসতঘরের সিঁধ কেটে তার ছোট ভাই বাশির ও অজ্ঞাতনামা ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে। এ সময় চার সন্তানের জননী সাত মাসের অন্তঃসত্ত্বা আম্বিয়া খাতুনকে মুখে কাপড় বেঁধে গলাটিপে হত্যা করে। ওই সময় তার সন্তানরা জেগে ওঠে কান্নাকাটি শুরু করলে তাদেরকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।
আরো পড়ুন: শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেফতার
এ ব্যাপারে বাশির ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শেষে মোট ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি জীবন কুমার রায় এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ক্ষিতীশ চন্দ্র দেবনাথ।
ইত্তেফাক/এএএম
