বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে পর-পর দুইবার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহরিয়ার আলম বলেন, কোন অপশক্তিই মুক্তিযোদ্ধাদের দাবিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও পারবে-না। কারণ তারা দেশকে ভালো বাসেন।
সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বাঘা মোজাহার হোসেন ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৭১ সালে যে ভাবে যুদ্ধ করেছেন ঠিক একই ভাবে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্র সৃষ্টি হয় কিংবা কোন অপশক্তি বাধাগ্রস্থ করার চেষ্টা চালায় তবে তা প্রতিহত করতে হবে আপনাদের।
মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল খালেক। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ নছিম উদ্দীন ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, সাবেক কমান্ডার রয়েজ উদ্দীন, ডেপুটি কমান্ডার জোনাব আলী, মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, মুক্তিযোদ্ধা নূরন্নবী সরকারসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।
ইত্তেফাক/আরকেজি
