মুখরোচক ফুচকা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭

মুখরোচক খাবার ফুচকা কমবেশি সবাই পছন্দ করেন। ফুচকা নানা স্বাদের হয়ে থাকে। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের ফুচকা। এমনই ৪ পদের ফুচকার রেসিপি নিয়ে এই আয়োজন

স ব জি  ফু চ কা

 

উপকরণ :গাজর কুচি ২ টেবিল চামচ, মটরশুঁটি ২ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ৩-৪টি, আলু ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ফুচকা পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ।

 

প্রণালি :আলু, গাজর কিউব করে কেটে নিন। এবার সব সবজি সিদ্ধ করে নিন। সিদ্ধ সবজির সাথে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, জিরা ভাজা গুঁড়া, ভাজা শুকনা মরিচ গুঁড়া, লবণ একসাথে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ফুচকার ভেতরে ভরে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।

 

দ ই  ফু চ কা

 

উপকরণ :আলু ৩টি, টক দই ২ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ৩-৪টি, মিষ্টি দই আধা কাপ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ফুচকা পরিমাণমতো।

 

প্রণালি :আলু সিদ্ধ করে ম্যাশ করে নিন। সিদ্ধ আলু, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ ভালো করে মেখে ফুচকার ভেতরে ভরে নিন। এবার মিষ্টি দই, টক দই, ভাজা জিরা গুঁড়া মিশিয়ে ফুচকার উপর ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।

 

নু ডু ল স  ফু চ কা

 

উপকরণ :নুডুলস ১ প্যাকেট, আলু ২টি, কাঁচামরিচ কুচি ৩টি, ফুচকা ১০টি, লবণ পরিমাণমতো।

 

প্রণালি :নুডুলস ও আলু সিদ্ধ করে নিন। আলু সিদ্ধ পেস্ট করে নিন। নুডুলসের সাথে আলু পেস্ট, লবণ, কাঁচামিরচ কুচি দিয়ে ভালোভাবে মেখে ফুচকার ভেতরে ভরে নিন। এবং তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন নুডুলস ফুচকা।

 

পা নি  ফু চ কা

 

উপকরণ :ময়দা ১ কাপ, তালমাখনা ১ চা চামচ, আলু ২টি, সুজি ১ কাপ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ভাজার জন্য, কাঁচামরিচ কুচি ২টি।

 

প্রণালি :প্রথমে আলু সিদ্ধ করে নিন। এবার ময়দা, সুজি, তালমাখনা, লবণ, ১ টেবিল চামচ সয়াবিন তেল, পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন এবং লেচি কেটে রুটি বেলে, বোতলের মুখ দিয়ে কেটে, ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। এবার আলু সিদ্ধ ও কাঁচামরিচ কুচি ফুচকার ভেতরে ভরে দিন। ফুচকাকে টক পানি দিয়ে পরিবেশন করুন।

 

 

টক পানি তৈরি

তেঁতুল ১ কাপ পানিতে ভেজিয়ে রাখুন। নরম হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার এতে ভাজা শুকনা মরিচ গুঁড়া, জিরাভাজা গুঁড়া, চিনি, লবণ দিয়ে তৈরি করুন মজাদার টক পানি।