সেনাবাহিনী কোনো দলের নয়, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না :কাদের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নেমেছে। তারা কোনো দলের বা পক্ষের নয়। সুতরাং এ নিয়ে কারও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ কিংবা বিতর্কিত করে- এমন বক্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে।’ গতকাল সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ফেনী-৩ আসনে মহাজোটের অংশীদার লাঙ্গল মার্কার প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। সেনা মোতায়েনের পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবিবার গণমাধ্যমে বিবৃতি দেন। তাঁরা আশা প্রকাশ করে বলেন, সশস্ত্র বাহিনী ভোটে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশসহ বিভিন্ন সংস্থাকে বিতর্কিত করেছেন। সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের জনসভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন জনসভা সঞ্চালনা করেন। জনসভায় আরও বক্তব্য দেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, মহাজোটের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসিফ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক রবিউল হক প্রমুখ।