ইত্তেফাক ডেস্ক
২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার আবেদনকারীকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
বরিশাল : ২০১৮ সালে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন প্যানেলে নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে মাহবুব, হাবিবা, শফিক, শহিদুল প্রমুখ। বক্তারা বলেন, বিগত সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়েছে। বর্তমানে ভুক্তভোগীদের অনেকের ৩০ কিংবা তার কাছাকাছি বয়স তাই বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার সুযোগের দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর প্যানেলের মাধ্যমে নিয়োগ দাবি করে স্মারকলিপি প্রদান করেন তারা।
মাদারীপুর : মাদারীপুর প্রেসক্লাবের সামনে ‘সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই’ বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কমিটির সভাপতি শাহিন মাদবর, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নাজমা আক্তার, রাকিব হাসান, শিমুল হোসাইন, রাহিমা আক্তার প্রমুখ।
নাটোর : শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ২০১২ থেকে ২০১৪ সালের মতো প্যানেল ঘোষণা করে অপেক্ষমাণ এসব চাকরি প্রার্থীকে নিয়োগের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন প্যানেল বাস্তবায়ন কমিটির নাটোর জেলা সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি।
কিশোরগঞ্জ : কালীবাড়ি ব্রিজসংলগ্ন সড়কে প্যানেল বাস্তবায়ন কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজনে দুপুরে এ কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।
সুনামগঞ্জ : এদিন ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল বাস্তবায়ন কমিটির সদস্যরা। বেলা ১১টায় পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
পাবনা : সকালে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন প্যানেল বাস্তবায়ন কমিটির পাবনা জেলা শাখার শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক খোকন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হোসেন প্রমুখ। এ সময় তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
রংপুর : রংপুর জেলা কমিটির উদ্যোগে সকালে নগরীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সভাপতি নাজমুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম, জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বারি প্রমুখ।
গাইবান্ধা : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে সকালে শহরের ডিবি রোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক আবদুল মতিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
