ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে আওয়ামী লীগের এক নেতা ও এক প্রকৌশলীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর সমন্বিত কার্যালয়। বৃহস্পতিবার বিকালে দুদক কার্যালয়ে মামলা দায়ের শেষে ফরিদপুরের বিশেষ (জজ জেলা ও দায়রা জজ) আদালতে মামলার এজাহার ও নথি প্রেরণ করা হয়। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল। এতে আসামি করা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান ওরফে রাজা এবং ভাঙ্গার উপজেলা প্রকৌশলী (বর্তমানে এলপিআরে) প্রদীপ কুমার মিত্রকে।

মামলার বাদী কমলেশ মণ্ডল জানান, জালিয়াতির মাধ্যমে প্রকৃত ঠিকাদার মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের প্রোপাইটর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফায়জুর রহমানকে তার বাস্তবায়নকৃত প্রকল্পের টাকা না দিয়ে অভিযুক্তরা দুই লাখ ৮৬ হাজার ৮৭২ টাকা আত্মসাত্ করেছেন। ঘটনাটি ২০১৭ সালের ১৯ জুনের।

ভাঙ্গার উপজেলা প্রকৌশলী (বর্তমানে এলপিআরে) প্রদীপ কুমার মিত্র এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগকারী ফায়জুর রহমান ও অভিযুক্ত আকতারুজ্জামান দুই জনের ব্যবসায়ী অংশীদার ও রাজনৈতিক সহকর্মী ছিল। তারা এক সাথেই সব কাজ করতো। তিনি বলেন, আমি উপজেলা প্রকৌশলী হিসেবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সকল কাগজপত্র ও স্বাক্ষর যাচাই করে বিলে স্বাক্ষর করেছি। সেখানে কোনো জালজালিয়াতি ছিল নাহ, জালজালিয়াতি কিছু হয়ে থাকলে সেটা হয়েছে আমার অগোচরে।

ঘটনার বিষয়ে আকতারুজ্জামান রাজা জানান, ঘটনাটি ২০১৬/১৭ অর্থ বছরের। ঐ সময়ে আমি ও ফায়জুর রহমান ব্যবসায়িক অংশীদার ছিলাম। পরবর্তী রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যা দুদকের মামলার আগেই আমরা নিজেরা সমাধান করেছি। এখন দুদক মামলা করেছে। অভিযোগকারীর সাথে তো সমাধান হয়েছে, এখন পরবর্তী কার্যক্রম আইনী প্রক্রিয়ায় সমাধান করা হবে।