মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে পাঁচটি ওষুধের দোকানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও ফ্রিজের বিদ্যুত্সংযোগ বন্ধ রাখাসহ বিভিন্ন অপরাধে দোকান মালিকদের ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ (ক) ধারা মোতাবেক এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা মনোয়ার উপজেলার সদর হাসপাতাল গেট এলাকার বিভিন্ন দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এ জরিমানা প্রদান আদায় করেন। ফরিদপুর জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন।
