তবুও এগিয়ে দক্ষিণাঞ্চল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

বিসিএল ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ধুকলেও কার্যত দক্ষিণাঞ্চলই এগিয়ে আছে শিরোপার লড়াইয়ে। কারণ, তৃতীয় দিন শেষ হতে না হতেই দুই উইকেট হাতে রেখে ৩৩৮ রানের বড়ো লিড পেয়ে গেছে দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে করা ৪৮৬ রানের পাহাড়ের গতকাল তৃতীয় দিনে ব্যাটিংটা যুত্সই হয়নি পূর্বাঞ্চলের। নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে দলটি করে ২৭৩ রান।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম এই ম্যাচ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হলেন। আর অভিষেকেই পেয়ে গেলেন দারুণ হাফ সেঞ্চুরি। ৮৭ বলে সাতটি চার ও দুটি ছক্কার সৌজন্যে তার করা ৮২ রানই পূর্বাঞ্চলের ব্যক্তিগত সর্বোচ্চ রান। লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি কিংবা প্রথম শ্রেণি—তিন ফরম্যাটেই তার শুরুটা হলো হাফ সেঞ্চুরি দিয়ে।

দলের আর কেউই হাফ সেঞ্চুরি পাননি। আফিফ হোসেন ধ্রুব ৪৭ ও ওপেনার পিনাক ঘোষ ৩৮ রান করেন। দক্ষিণাঞ্চলের বোলিংয়ের নায়ক যথারীতি অধিনায়ক আব্দুর রাজ্জাক। বাঁ-হাতি এই স্পিনার একাই নেন সাত উইকেট। অন্যদিকে পেসার শফিউল ইসলাম নেন দুই উইকেট।

জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দক্ষিণাঞ্চল। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩০.১ ওভার ব্যাটিং করে রাজ্জাকের দল। তাতে, মাত্র ১২৫ রান তুলতে না তুলতেই আটটি উইকেট হারিয়ে ফেলেছে তারা।

৪১ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান। তিনি ছাড়া আর মাত্র তিন জন ব্যাটসম্যান পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। পূর্বাঞ্চলের হয়ে আটটি উইকেটই নেন পেসাররা। সর্বোচ্চ চারটি উইকেট নেন আবু হায়দার রনি। আর দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও রুয়েল মিয়া।