ন্যাপোলিতে দুশ্চিন্তাও সঙ্গী বার্সার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩

আজকের খেলা

ন্যাপোলি-বার্সেলোনা

চেলসি-বায়ার্ন মিউনিখ

g স্পোর্টস ডেস্ক

শেষ ক’বছরে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে প্রতিপক্ষের মাঠ যেন বার্সেলোনার কাছে মূর্তিমান আতঙ্কের নাম। টানা চার মৌসুমে প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্সই যে বিদায়ঘণ্টা বাজিয়েছিল দলটির! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় আজ রাতে যখন স্বাগতিক ন্যাপোলির মুখোমুখি হবে বার্সা, সঙ্গী হবে অ্যাওয়ে গোল আর স্কোয়াড গভীরতাসহ বেশ কিছু দুশ্চিন্তাও। শেষ ষোলর অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে চেলসি।

‘চ্যাম্পিয়ন্স লিগ জেততে হলে আপনাকে প্রতিপক্ষের মাঠে গোল করতেই হবে’—কথাটা খোদ বার্সা অধিনায়ক লিওনেল মেসির। বার্সা অধিনায়কের কথার স্পষ্ট প্রতিফলন দেখা যায় শেষ চার মৌসুমে দলটির বিদায় নেওয়া নকআউট লড়াইগুলোর দিকে তাকালেই। এই চার আসরে অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্তাস, রোমা ও লিভারপুলের বিপক্ষে নকআউটের ‘অ্যাওয়ে’ লড়াইয়ের চার ম্যাচে দলটির গোল নেই একটিও, উলটো হজম করেছে ১২ গোল।

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে এ দুর্দশাটা চলতি মৌসুমে লা লিগায়ও চড়ে বসেছে বার্সার ঘাড়ে। ১২ ম্যাচের সাতটিতেই পয়েন্ট খুইয়েছে তারা। সঙ্গে যোগ হয়েছে ফরোয়ার্ডদের চোটও। হাঁটুর চোটের কারণে মৌসুমের প্রায় শেষ পর্যন্ত লুই সুয়ারেজকে পাবে না কাতালানরা। উসমান দেম্বেলে মাঠের বাইরে চলে গেছেন পুরো মৌসুমের জন্যেই।

এ কারণেই কিনা চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে নিজেদের ফেভারিট মানছেন না মেসি। তবে কোচ কিকে সেতিয়েন আবার চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যথেষ্ট আশাবাদী, ‘আমি দেখেছি কীভাবে প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয় এবং আমি মনে করি অন্য সবার মতো সমান সুযোগ আমাদের দলেরও আছে।’

এদিকে ন্যাপোলি কোচ জেনারো গাতসো জানালেন বার্সেলোনাকে হারাতে স্বকীয়তাই ধরে রাখতে চায় তার দল। তিনি বলেন, ‘বার্সেলোনা দারুণ এক দল যারা আমাদের বিপদে ফেলতে পারে। ম্যাচটার জন্যে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের, খেলতে হবে নিজেদের মতোই।’

শেষ ষোলর অন্য ম্যাচে চেলসির মাঠে খেলবে শিরোপা প্রত্যাশী বায়ার্ন মিউনিখ। তার আগে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের বাজি বায়ার্নের পক্ষেই। তিনি বলেন, ‘বায়ার্ন পরিষ্কার ফেভারিট। এটা পুরোনো দিনের বড় চেলসি নয় যেখানে মাইকেল বালাক, জন টেরি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড কিংবা দিদিয়ের দ্রগবারা খেলেন।’

তবে চেলসিকে একেবারে হেলাফেলা করার সুযোগ মোটেও নেই বায়ার্নের সামনে। এই তরুণ দলটাই চলতি মৌসুমে দুইবার গেলোবারের ফাইনালিস্ট টটেনহ্যামকে হারিয়েছে ঘরোয়া আসরে। সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকলেও স্ট্যামফোর্ড ব্রিজে আজ রাতের ম্যাচে সতর্কই থাকতে হবে বায়ার্নকে।