বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাপনী দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী ও প্রয়াসের পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বিশেষ শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্বে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের পাঁচটি বিশেষ শিক্ষা স্কুল, প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যাডাল্ট লেইজার অ্যান্ড লার্নিং প্রোগ্রাম, বৈকালিক বিশেষ শিক্ষা স্কুল এবং উচ্চ শিক্ষা কার্যক্রম (প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পাইজার)-এর শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে দুই দিনব্যাপী একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৭৪টি ইভেন্টে মোট ২২২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদানসহ সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। সমাপনী দিবসের অনুষ্ঠানে বিশেষ ও অন্য শিক্ষার্থীরা খেলার ইভেন্টের সঙ্গে সঙ্গে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং আকর্ষণীয় ইভেন্ট “যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে সহকারী পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সমাজসেবকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মী, অভিভাবকসহ সকলের উপস্থিতি বিশেষ শিশুদের অনুপ্রাণিত করে।
