স্পোর্টস ডেস্ক
ইদানীং পিএসজির ম্যাচ যেন নিয়মিতই রোমাঞ্চের পসরা সাজিয়ে বসছে। আগের ম্যাচে অমিয়েঁর বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ের পর গত রবিবার রাতে নিজেদের মাঠে বোর্দোর বিপক্ষে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ ব্যবধানে জিতেছে তারা। তবে জয়ে ফেরার দিনে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার। এ কারণে ম্যাচ শেষে ক্ষোভও ঝাড়লেন কোচ থমাস টুখেল।
লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি অমিয়েঁর বিপক্ষে ড্রয়ের পরেই যেন কিছুটা টালমাটাল হয়ে পড়েছিল। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় হেরেছিল বরুসিয়ার কাছে। টানা দুই ম্যাচে জয়হীনতার পর দলটি কক্ষপথে ফেরে রবিবার রাতে বোর্দোর বিপক্ষে।
শুরুতে পিছিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে এডিসন কাভানির গোলে সমতা ফেরায় দলটি। এরপর ৪৫ মিনিটে মার্কিনিয়সের লক্ষ্যভেদে এগিয়ে গেলেও বিরতির ঠিক আগে অগ্রগামিতা হারায় পিএসজি। ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দ্বিতীয় গোলের দেখা পেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় শিরোপাধারীরা।
এরপর ৭০ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ব্যবধান বাড়ানো দলটি ৮৩ মিনিটে গোল হজম করলেও জয় তুলে নেয় ৪-৩ ব্যবধানে। তবে ম্যাচের শেষ দিকে নেইমার দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ফলে জয়েও কিছুটা অসন্তোষ নিয়েই মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।
কোচ টুখেলের কাছে পুরো ব্যাপারটাই ঘোলাটে ঠেকছে। তিনি বলেন, ‘দ্বিতীয় হলুদ কার্ডের পরিস্থিতি নিয়ে কথা বলতে হলে পুরো ব্যাপারটাই দেখতে হবে আমাদের। এর আগে নেইমার ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষের ফাউলের শিকার হলো। কিন্তু কোনো হলুদ কার্ড দেখানো হলো না তাকে এবং চতুর্থ অফিসিয়ালকে মাঠে রেখেই খেলা চলছিল! এমনটা আমি আগে কখনো দেখিনি।’
জার্মান এই কোচ আরো যোগ করেন, ‘এরপরই নেইমার মেজাজ হারাল। সে যা করেছে, সেটা উচিত হয়নি, কিন্তু সেও তো মানুষ! রেফারির সিদ্ধান্তে হতাশ ছিল। এরপর সে দ্বিতীয় ফাউলটা করল এবং হলুদ কার্ড দেখল। কিন্তু যে নেইমারকে প্রথমে ফাউল করেছিল, সে কোনো কার্ড দেখল না। পরিস্থিতি সত্যি ছিল উদ্ভট।’
তবে দুই ম্যাচ পর জয়ে ফিরতে পেরে স্বস্তি ঝরেছে টুখেলের কণ্ঠে, ‘এই মুহূর্তে জয়টাই মুখ্য ছিল। আমাদের উন্নতির জায়গা রয়েছে, এটা নিশ্চিত। তবে যাই হোক, খেলোয়াড়রাও মানুষ আর এ ব্যাপারটাই মাথায় রাখছি আমি। আর একটা হারের পর তাদের আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি থাকে। ব্যাপারটা এমনই। কিন্তু এটা ইউরোপের অনেক ক্লাবের জন্য একই। একটা হারের পর মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা সবসময়ই কঠিন হতে পারে।’
