আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সত্তরের মতো সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত। গতকাল সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দলের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নির্বাচনী আসনে জনসভায় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। বিদ্যুত্ সমস্যার সমাধান হয়েছে। জঙ্গিবাদ দমন হওয়ায় সারাদেশের মানুষ শান্তি ও স্বস্তিতে বসবাস করছে। সব জায়গায় এখন শান্তির সুবাতাস বইছে। উত্তরবঙ্গে এখন আর মঙ্গা বলে কিছু নেই।
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা জানান, জনসভায় মোহাম্মদ নাসিম বলেন, মেসি-নেইমার গোল মিস করতে পারে কিন্তু আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আসবে না। এখন তারা নাকে খত দিয়ে এবারের নির্বাচনে এসেছে। তারা যেন কোনো অজুহাত দাঁড় করিয়ে মাঠ থেকে পালিয়ে না যায়। ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে লাল কার্ড দেখিয়ে তাদের বিতাড়িত করবে। নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের মহাজোট প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের এসকে শিকদার, ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ। সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান নিটল, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
