স্পোর্টস রিপোর্টার
খেলাধুলা অঙ্গনে যে বিজেএমসি এক সময় রাজত্ব করত সেই বিজেএমসির এখন নিভু নিভু করছে। সংকুচিত হয়ে আসছে। ২০১৫ সালে পুনরায় ফুটবল মাঠে জেগে ওঠা বিজেএমসির ফুটবল দল এবার তো থাকছেই না, সেই সঙ্গে অন্যান্য খেলার প্রায় আড়াইশ ক্রীড়াবিদ চাকরি হারাচ্ছেন। যারা মাস্টাররোলে চাকরি করতেন কিন্তু তাদের দায়িত্ব ছিল শুধু খেলাধুলা করা। এমন আড়াইশ ক্রীড়াবিদের চাকরি হারানোর ঘটনায় ক্রীড়াঙ্গন হতবাক। এ ব্যাপারে বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।
প্রিমিয়ার ফুটবল লিগে বিজেএমসি খেলবে না সেই সিদ্ধান্ত গত বছরের। বিজেএমসি সূত্রে জানা যায়, গত বছর ২০ মে বিজেএমসির বোর্ড সভায় সিদ্ধান্ত হওয়ার পর ৩০ জুলাই বাফুফেকে জানিয়ে দেওয়া হয় তারা ফুটবল খেলবে না। আর্থিক কারণ দেখিয়ে প্রিমিয়ার ফুটবলে দল গঠন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে ফুটবল ছাড়াও সরকারি এই পাটকল প্রতিষ্ঠান বিজেএমসি ১০টি খেলায় অংশ নেয়। সাইক্লিং, অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, তায়কোয়ানদো, ভারোত্তোলন, ভলিবল, হ্যান্ডবল, ফুটবল, কাবাডি, উশু প্রভৃতি খেলায় খেললেও এখন সেটা সংকুচিত হয়ে আসছে। তবে আশার কথা হচ্ছে ১-১০ এপ্রিল বাংলাদেশ গেমসে অংশ নেবে বিজেএমসি। সেই সুযোগ বাদ পড়া আড়াইশ জন ক্রীড়াবিদের মধ্যে প্রায় একশ জনের জন্য রাখা হবে বলে বিজেএমসি সূত্রে জানা গেছে।
