নৌপ্রধানের জার্মানি গমন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

বিশেষ প্রতিনিধি

সরকারি সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী শনিবার রাতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌপ্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়েছে।

সফরকালে নৌপ্রধান জার্মানিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দুটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের (এমপিএ) কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। সেইসঙ্গে এমপিএ দুটির নির্মাতা প্রতিষ্ঠান রুয়াগ অ্যারোস্পেসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি ঐ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিলিক্স আম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুই জন কর্মকর্তা রয়েছেন। উল্লেখ্য, সফর শেষে নৌপ্রধান আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে।