কেন্দ্রীয় ভর্তির ব্যাপারে কাজ করছে ইউজিসি —শিক্ষাসচিব

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

কেন্দ্রীয় ভর্তিতে কারা থাকবে বা থাকবে না সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তিতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এখন মন্ত্রণালয়ের করণীয় জানতে চাইলে সচিব বলেন, আমি এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও ইউজিসির সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয়গুলো কেন আসতে চাইছে না সে ব্যাপারেও জানার চেষ্টা করব।

সচিব বলেন, গতবছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে এসেছিল। এবছর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তির আওতায় আসছে। আশা করছি, আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ই কেন্দ্রীয় ভর্তির আওতায় আসবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলনের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন ৪৪ মিলিয়ন শিশুর জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার নিশ্চিত করার বড়ো পদক্ষেপের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।