বিজিবির প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০

চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে গতকাল বিজিবির ৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওমর যাহিদ তাকে অভ্যর্থনা জানান।

৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বিজিবির সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিজিবির উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে মনোজ্ঞ এ প্যারেড পরিচালনা করেন ৯৪তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর কাজী মনজুরুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম। গত ১৫ সেপ্টেম্বর বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৯৪তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।