অপরাধ অনুযায়ী পাপিয়ার বিচার হবে : কাদের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র-মাদকসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী তার বিচার হবে। গতকাল সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাপিয়ার গ্রেফতারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধ অনুযায়ী অপরাধী শাস্তি পাবে। দলের হোক কিংবা বাইরের হোক—কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেইনি। সব অপরাধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে।’

তার (পাপিয়া) পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে কি না? জবাবে তিনি বলেন, ‘অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁজা হয়-ই, হবে                না কেন? তারা সামনে আসবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কি সরকারের বাইরে? এ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধের জন্য যাদের গ্রেফতার করছে, শাস্তি দিচ্ছে—এটা কি সরকারের ইচ্ছার বাইরে হচ্ছে? সরকারের সায় এবং এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে বলেই আজকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে।’