রাজনীতির বইয়ের কাটতি ভালোই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৫

বইমেলায় রাজনীতির বইয়ের কাটতি বেশ ভালোই। যদিও নির্মোহ রাজনীতির বইয়ের লেখক খুব কম। ইতিহাসের পুনরাবৃত্তিতেও ঘুরপাক খান অনেক লেখক। এবারের মেলায় কথাপ্রকাশ থেকে রাজনীতি নিয়ে বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এর মধ্যে হাসান আজিজুল হকের লেখা ‘রাজনীতির অলিগলি’ অন্যতম। একই প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে মুনতাসীর মামুনের লেখা ‘বাংলাদেশ ১৯৭১ : গণহত্যা-নির্যাতনের রাজনীতি’ ও সনত্কুমার সাহার ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’। জার্নিম্যান বুকস প্রকাশ করেছে তোফায়েল আহমেদের ‘রক্তঝরা মার্চ: অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা’। ঐতিহ্য থেকে প্রকাশ হয়েছে আমীন আল রশীদের ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’, একই প্রকাশনা থেকে এসেছে একেএম শাফির ‘দ্য কন্সটিটিউশনাল পলিটিক্স অব এ ডেভেলপিং কান্ট্রি’ ও মনজুরুল          হকের ‘উপমহাদেশের কৃষক বিদ্রোহ’। প্রথমা থেকে প্রকাশ হয়েছে সৈয়দ মনজুুরুল ইসলামের ‘ইতিহাসের রূপকার তাজউদ্দিন আহমদ’, আনিসুজ্জামানের ‘সমাজ-সংস্কৃতি-রাজনীতি: দশটি বক্তৃতা’, কামাল হোসেনের ‘বাংলাদেশ :স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে’, মোহাম্মদ এমদাদুল ইসলামের ‘রোহিঙ্গা :নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী’, নূরুল ইসলামের ‘ইন্ডিয়া-পাকিস্তান-বাংলাদেশ: এ প্রিমিয়ার অন পলিটিক্যাল হিস্টোরি’। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এসেছে শেখ মুহম্মদ ইব্রাহীমের ‘মুক্তিযুদ্ধ রাজনীতি ও অন্যান্য’। বাতিঘর থেকে প্রকাশ হয়েছে মহিউদ্দিন আহমদের লেখা রাজনীতিবিষয়ক বই ‘বেলা-বেলা : বাংলাদেশ ১৯৭২-১৯৭৫’।

মেলায় রীভা গাঙ্গুলি :বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ সোমবার বিকালে অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শন করেন। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী তাকে গ্রন্থমেলায় স্বাগত জানান এবং বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর তিনটি গ্রন্থ উপহার দেন।

নতুন বই :বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, সোমবার বইমেলায় নতুন বই এসেছে মোট ২০৭টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে বাংলা একাডেমি প্রকাশ করেছে বঙ্গবন্ধু বিষয়ক সাইমন জাকারিয়ার লেখা বই ‘সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি’, রাত্রি প্রকাশনী এনেছে আহসান হাবীবের জোকসে্র বই ‘জাস্ট জোকস’, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘প্রিয়দর্শিনী’, একই প্রকাশনী থেকে এসেছে ফকির আলমগীরের ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’, দি রয়েল পাবলিশার্স থেকে প্রকাশ হয়েছে আলী ইমামের কিশোর গল্পের বই ‘রুপোলি আলো’, অনন্যা প্রকাশ করেছে হাবীবুল্লাহ সিরাজীর কবিতার বই ‘কবিতা সমগ্র-২’, পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশ করেছে কবীর চৌধুরীর ‘পুশকিন ও অন্যান্য’, শিকড় প্রকাশ করেছে রকিব হাসানের কিশোরগল্প ‘ভূত সমগ্র-২’, ডেইলি স্টার বুকস প্রকাশ করেছে সিরাজুল ইসলাম চৌধুরীর সাক্ষাত্কার গ্রন্থ ‘আজ ও আগামীকাল’।

গতকালও মেলাপ্রাঙ্গণে ছিল নানা অনুষ্ঠানের আয়োজন।