মান্দায় বার্ষিক সভায় যোগ দিতে যাওয়ার সময় একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তিন বিক্রয় প্রতিনিধিসহ সাত জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
নওগাঁ: মান্দায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তিন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। গতকাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদের গ্রামের শামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের সোলাইমান আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫) এবং লালমনিরহাট জেলার আফতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯)।
ঝালকাঠি: নেছারাবদ দরবার শরীফের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের পৌরসভার কেশবপুর ইজিবাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক যাত্রী মিনাল উদ্দিন (৩৫) নিহত ও আরো চার জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জ :কিশোরগঞ্জ সদর উপজেলার ভাঁটগাঁও গ্রামে বালুভর্তি ট্রাক্টর চাপায় স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ওমর ফারুক (৮) নিহত হয়। সে ঐ গ্রামের খোকন মিয়ার পুত্র।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগরে বাসচাপায় জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জসিম উদ্দিন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের বাসিন্দা।
