সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না ১২ প্রার্থী। এদের অধিকাংশই বিএনপি মনোনীত। তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) নেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ওই আদেশের ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন তারা। এদিকে পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান গতকাল সোমবার এই আদেশ দেন। এছাড়া ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠান (ফারুক) এর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না
পদে থেকে বা পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই মনোনয়নপত্র দাখিল করায় এসব উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। ওই আদেশ বহাল থাকায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারালেন বিএনপি মনোনীত দশ প্রার্থী। এরা হলেন ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনে মো. তমিজউদ্দিন, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ, ব্রা?হ্মণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিমউদ্দিন, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চান, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন, চাঁদপুর-৪ আসনে এমএ হান্নান এবং রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান বাবলু ও ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন। এছাড়া নীলফামারী-৪ আসনে আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। তিনি পৌর মেয়র পদে থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে রিটার্নিং অফিসার ও ইসি তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। এর বিরুদ্ধে রিট করে তিনি প্রার্থিতা ফিরে পান। পরে লিভ টু আপিল করে ইসি। চেম্বার আদালত গতকাল হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।
ধানের শীষ পেলেন পাঁচ প্রার্থী
পাঁচ প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের লক্ষ্যে হাইকোর্টের দেয়া আদেশ গতকাল বহাল রেখেছে চেম্বার আদালত। এর ফলে ধানের শীষ প্রতীক পাচ্ছেন মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবিরের পরিবর্তে খন্দকার আব্দুল হামিদ ডাবলু, নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে কামরুন্নাহার শিরিন, নওগাঁ-১ আসনে ডা. ছালেক চৌধুরীর পরিবর্তে মোস্তাফিজুর রহমান, বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদারের পরিবর্তে মাসুদা মমিন ও রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলাম।
ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের (ফারুক) প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে এ রিট করেন তারই প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগামীকাল এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
