হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এজন্য একটি তালিকা করারও প্রস্তুতি চলছে। আনুগত্যহীনদের সরিয়ে তাদের স্থলে সমর্থক কর্মকর্তাদের বসাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশ্বে একটা কথাই সত্যি যে ‘হয় তুমি আমার সঙ্গে, না হয় আমার বিরোধী’। খবর ভ্যানিটি ফেয়ার ডটকম’র
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক না থাকায় মেয়াদ থাকতেও জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (ভারপ্রাপ্ত) জোসেফ ম্যাগুয়েরকে বিদায় নিতে হয়েছে। সম্প্রতি অভিশংসন তদন্ত থেকে মুক্তি পান প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজের আলেক্সান্ডার ভিন্দম্যানসহ দু্জন কর্মকর্তা তদন্তে সাক্ষ্য দিয়েছিলেন। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। অ্যাক্সিওজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অফিসের কর্মকর্তা জনি ম্যাকঅ্যান্টি হোয়াইট হাউজের খারাপ মানুষের (ট্রাম্পবিরোধী) তালিকা করছেন। এ নিয়ে একটি বৈঠকও হয়েছে যেখানে ট্রাম্পের নির্দেশ মানবেন না এমন কর্মকর্তাদের সরিয়ে রাজনৈতিক সমর্থকদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে জার্মান রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেলের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার নিয়োগে ডেমোক্র্যাটসহ রিপাবলিকানরাও বিস্মিত হন। কারণ তার গোয়েন্দাগিরির বিষয়ে ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। সূত্র জানায়, রিচার্ড গ্রেনেলের একমাত্র যোগ্যতা যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ভক্ত। রিপাবলিকানদের একটি সূত্র জানিয়েছে, রিচার্ড গ্রেনেলকে স্থায়ীভাবে নিয়োগ নাও দিতে পারে সিনেট। তিনি সাময়িক দায়িত্ব পালন করবেন।
