দেশের ১ থেকে ১৪ বছর বয়সি শিশুদের প্রায় ৮৮ দশমিক ৭ শতাংশ সহিংসতার শিকার। এই হার ক্রমাগত বাড়ছে। ২০১৩ সালে এই হার ছিল ৮২ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। জরিপ প্রতিবেদনে বলা হয়, লালনপালনকারী তথা পরিবারের সদস্যদের মাধ্যমেই শিশুরা সহিংস আচরণের শিকার হচ্ছে বেশি।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে ‘মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯’ নামে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। জানানো হয়, জরিপে এসেছে, দেশে ১৫ বছরের নিচে প্রতি ১০ জনের ৯ জন শিশুই তাদের অভিভাবক বা সেবা প্রদানকারীদের দ্বারা সহিংসতার শিকার হয়। বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন বিবিএসের পরিচালক মো. মাসুদ আলম। তিনি জানান, সারাদেশে প্রায় ২৫ হাজার শিশুর অভিভাবকদের সঙ্গে কথা বলে সহিংসতার এই তথ্য পেয়েছেন তারা। সহিংস আচরণের মানদণ্ডের ব্যাখ্যায় বলা হয়, শুধু মারধর নয়, হালকা বকাবকি কিংবা ধমককেও আমলে নেওয়া হয়েছে।
