নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল শুরু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০০:০৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সাথে আন্তঃবাহিনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহরের চাষাঢ়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীকে টহল দিতে দেখা যায়। সেনাবাহিনী মাঠে নামার পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ভাব দেখা গেছে। এ দিকে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল রাকিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা দায়িত্ব পালন করতে এসেছি। সেনাবাহিনীর প্রায় ৪০০ সদস্য নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করবে। নারায়ণগঞ্জ জেলায় ৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। “ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার” অনুযায়ী রিটার্নিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে জাতির প্রত্যাশা মেটাতে সেনাবাহিনী বদ্ধপরিকর। রিটার্নিং অফিসার রাব্বী মিয়া বক্তব্যে সকল বাহিনীর পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, বিভিন্ন বাহিনীর ফোর্স মোতায়েনের ক্ষেত্রে যাতে ওভারল্যাপিং না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের লক্ষ্য অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ।