বর্তমান সময়ে তরুণ-তরুণীরা সরকারি ও বিভিন্ন চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতে যুক্ত হচ্ছে। বর্তমানে তরুণ-তরুণীরা বিভিন্ন নতুন পেশায় যুক্ত হচ্ছে। বর্তমান সময়ে ক্যারিয়ার ডেভেলপ নিয়ে বেশ প্রতিযোগিতা চলছে। সময়োপযোগী বিভিন্ন পেশা থেকে নিজের পেশাটি বেছে নিন। আমাদের এবারের আয়োজন বর্তমান সময়ের চাহিদাসম্পন্ন কয়েকটি পেশা নিয়ে ।
ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য
পছন্দের পেশা হিসেবে ইঞ্জিনিয়ারিং বিষয়টির জনপ্রিয়তা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী মানুষের পরিমাণ বেড়েই চলেছে। এখনকার তরুণদের কাছেও ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল একইরকম আকর্ষণীয় পেশা। ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বর্তমানে স্থাপত্য বা আর্কিটেক্টও তরুণদের পছন্দের তালিকার শুরুর দিকেই স্থান করে নিয়েছে। বর্তমানে শিল্পনির্ভরতা বৃদ্ধির কারণে বাড়ছে শিল্পকারখানা। আর এর ফলে দরকার হচ্ছে বিপুল পরিমাণ জনশক্তির। এর মধ্যে অন্যতম একটি হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। শিল্পকারখানার বাইরেও এই পেশায় দক্ষ লোকদের কাজের সুযোগ রয়েছে। এ ছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশার চাহিদা অন্য সময়ের তুলনায় এখন অনেক বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে প্রায় ১৮ হাজার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পদ ফাঁকা থাকে যোগ্য কর্মী না পাওয়ার কারণে।
চিকিত্সা ও নার্সিং
চিকিত্সা সংক্রান্ত পেশা সারাবিশ্বেই খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। আমরা যারা বিভিন্ন ধরনের দাফতরিক কাজে নিয়োজিত, তাদের প্রায় ৮০ শতাংশই কোনো না কোনো সময়ে হাড়, সন্ধি কিংবা পেশির সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। আর এসব সমস্যায় অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হয় বেশির ভাগ ক্ষেত্রেই। এজন্য অকুপেশনাল থেরাপিস্টদের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। এর পাশাপাশি রেজিস্টার্ড নার্সদেরও চাহিদা বাড়ছে বর্তমান বিশ্বে। চলতি বছর এ পেশাটিও থাকবে চাহিদার শীর্ষে।
চিকিত্সা খাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদের নাম ফার্মাসিস্ট। বিভিন্ন রোগীর রোগ অনুপাতে ওষুধ নির্ধারণ এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল দেশেও এ পেশার গুরুত্ব বাড়ছে।
ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ম্যানেজার
বর্তমানে চাকরির বাজারে ভালো অবস্থানে রয়েছে ব্যাংকিং সেক্টর। সদ্য শিক্ষাজীবন শেষ করা তরুণ-তরুণীদের পছন্দের প্রথম কাতারে রয়েছে এই পেশা। কারণ এই পেশাটিকে সবাই চিন্তামুক্ত একটি পেশা হিসেবেই মনে করেন এবং এর ভবিষ্যত্ও অনেক ভালো। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সুবিধা হলো এই খাতে ক্যারিয়ারকে অনেক বেশি নিরাপদ মনে করা হয়। ব্যাংকিং সেক্টরে অনেক প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ায় এই পেশায় তরুণদের সুযোগ অনেক বাড়ছে। ব্যাংকিং সেক্টরে কাজের ভালো পরিবেশের সাথে রয়েছে ভালো বেতনকাঠামো। তাই এই পেশার জন্য নিজেকে গড়ে তুলতে বর্তমানে আগ্রহী হয়ে উঠছে তরুণেরা। একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তদারকি, বিনিয়োগ কিংবা অর্থসংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে লাভবান রাখার কাজটি করে থাকেন ফিন্যানি্সয়াল ম্যানেজার। বর্তমান বিশ্বে বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই পদে দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে চাহিদা সত্ত্বেও এ ক্ষেত্রে দক্ষ কর্মীর সংকট প্রবল।
সফটওয়্যার ডেভেলপার
তথ্যপ্রযুক্তির এ যুগে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেরই বর্তমানে ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট তৈরির কাজটি করে থাকেন একজন ওয়েব ডেভেলপার। সময়ের সাথে পাল্লা দিয়ে এই কাজের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। এ ছাড়াও রয়েছে সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপারের চাহিদা। বর্তমানে ল্যাপটপ, ট্যাবলেট স্মার্টফোনের ব্যবহার বাড়ায় সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা বাড়ছে। স্মার্টফোনে সহজেই যেকোনো কাজ সারা যাচ্ছে অ্যাপ্লিকেশনের সাহায্যে। আর এজন্যই মোবাইল অ্যাপের চাহিদা বাড়ায় অ্যাপ ডেভেলপারদের চাহিদাও বাড়ছে।
টেলিকম
প্রযুক্তির উত্কর্ষের সাথে বাড়ছে টেলিফোন ও ইন্টারনেটের ব্যবহার। বিশেষ করে ইন্টারনেটকে হাতের মুঠোয় এনে দিতে টেলিকম খাতের প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এজন্য এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন হয়ে পড়ছে দক্ষ কর্মীবাহিনী। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে এ খাতকেই বেছে নিচ্ছেন তরুণেরা। এই খাতে ক্যারিয়ার গড়লে একজন কর্মী দেশে ও বিদেশে চাকরির সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া টেলিকম খাতে বেতন ও কাজের পরিবেশও ভালো।
