বিকেএমইএ সদস্যদের ইডিএফ ঋণসীমা বাড়ল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বিকেএমইএর রপ্তানিকারকরা ইডিএফ থেকে সর্বোচ্চ ২ কোটি ডলার ঋণ নিতে পারবেন। এত দিন এই সীমা ছিল দেড় কোটি ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

স্বল্পসুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে এ তহবিল গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলারে। রপ্তানি বাণিজ্যে উত্সাহ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক স্বল্পসুদের এ ঋণ সরবরাহ করছে। তৈরি পোশাক, কাপড়, সিরামিক্স, প্লাস্টিক পণ্য রপ্তানিকারকদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়। এর আগে গত বছরের নভেম্বরে ইডিএফ ঋণের সুদহার এক শতাংশ কমায় কেন্দ্রীয় ব্যাংক। যা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছিল। এর ফলে ইডিএফ তহবিলের আওতায় লন্ডন আন্তব্যাংক হারের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৫০ শতাংশ সুদে ব্যাংক থেকে এ ঋণ নিতে পারছেন রপ্তানিকারকরা। যা আগে লাইবর সঙ্গে ২ দশমিক ৫০ শতাংশ সুদ দিতে হতো।