অনভিজ্ঞতাকেই দুষছেন আরভিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু ক্রিকেট খেলে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। টেস্ট সিরিজটা হারলেও শ্রেয়তর প্রতিপক্ষ লঙ্কানদের সঙ্গে লড়াই করেছিল দলটি। সেই আত্মবিশ্বাসে বাংলাদেশ সফরে ভালো কিছু করার আশাবাদ জানিয়েছিল জিম্বাবুয়ে।

কিন্তু একমাত্র টেস্টে মুমিনুল হকদের কাছে পাত্তা পায়নি সফরকারী। গতকাল ম্যাচের চতুর্থ দিনেই ইনিংস ও ১০৬ রানে হেরে যায় জিম্বাবুয়ে। দলের এই হারে প্রথম ইনিংসে কম রান করা ও অনভিজ্ঞ বোলিং লাইনকেই দুষেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কৃতিত্বও দেখছেন আরভিন।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর গতকাল দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ ৪৩ রান করেছেন আরভিন। কিন্তু দল পারফরম করেনি বলে হতাশ জিম্বাবুয়ের অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরভিন বলেছেন, ‘কিছু রান পেয়ে ভালো লেগেছে। কিন্তু এটা একটা হতাশাজনক ম্যাচ ছিল। কিছু ভালো শুরু ছিল এবং তা আমাদের এগিয়ে নেয়া উচিত ছিল। এছাড়া প্রথম ইনিংসে আমাদের আরো বেশি রান করা উচিত ছিল। আমরা ২৬৫ রান করেছিলাম, আমার মনে হয় আমাদের ৪০০ রান করা দরকার ছিল। কারণ উইকেট খুব ভালো ছিল। এখানে এর আগে আরো কঠিন উইকেটে খেলেছি।’

অনভিজ্ঞ বোলিং লাইনের কারণে বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি জিম্বাবুয়ে। মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরির পর বলেছিলেন, তুলনামূলকভাবে সহজেই ডাবল পেয়েছেন তিনি। গতকাল বোলিং আক্রমণ নিয়ে আরভিন বলেন, ‘আমরা ধারাবাহিক ছিলাম না। বাংলাদেশের বোলাররা খুব ধারাবাহিক ও নিয়ন্ত্রিত বোলিং করেছে। ধারাবাহিকভাবে আমাদের বোলাররা ঠিক জায়গায় বোলিং করতে পারেনি। এখানে পেসাররা অনেক তরুণ। সবাই ২-১টা করে টেস্ট খেলেছে।’

তবে ওয়ানডে সিরিজে ভালো কিছু করার আশায় আছেন আরভিন। টেস্ট খেললেও সিলেটে অতীতে কোনো ওয়ানডে খেলেনি জিম্বাবুয়ে। এবার সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। গতকাল আরভিন বলেন, ‘আমরা আগে কখনোই সিলেটে ওয়ানডে খেলিনি। টেস্ট খেলেছি, জয়ও আছে। সম্প্রতি সাদা বলে খুব বেশি ম্যাচ আমরা খেলিনি। তারপরও দল হিসেবে আমরা উদ্দীপ্ত ওয়ানডে সিরিজ নিয়ে।’

বাংলাদেশের দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের প্রশংসা করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। দুজনই কঠিন সময় উপহার দিয়েছেন সফরকারী দলের ব্যাটসম্যানদের। দুই ইনিংসে অফস্পিনার নাঈম ৯টি ও বাঁহাতি স্পিনার তাইজুল ৬টি উইকেট নিয়েছেন।