ক্রিকইনফোর দেওয়া দুই একাদশ
এশিয়া একাদশ
লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি,* রিশভ পান্ট, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশীদ খান, মুজিব উর রহমান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সন্দীপ লামিছানে।
* এক ম্যাচের জন্য
বিশ্ব একাদশ
অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), নিকোলাস পুরান, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড, আদিল রশীদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিশেল ম্যাকক্লেনাঘান।
প্রথমে শোনা গিয়েছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া একাদশের হয়ে খেলবেন। তবে, এবার জানা গেল মুজিববর্ষ উপলক্ষ্যে বিসিবির আয়োজনে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। কোহলিকে ঘিরে শঙ্কা থাকলেও এশিয়া ও বিশ্ব একাদশ দলে থাকবেন বিশ্ব ক্রিকেটের এক ঝাঁক তারকা। এই ম্যাচ দুটি চলাকালে ক্রিকেটের কিংবদন্তিদেরও বাংলাদেশের আমন্ত্রণ জানানোর কথা ভাবছে বিসিবি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আসছে মার্চের ২১ ও ২২ তারিখ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি প্রীতিম্যাচের আয়োজন করবে বিসিবি। এই টুর্নামেন্টে অংশ নিতে চার ভারতীয় ক্রিকেটারকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই সম্মতি জানিয়েছিল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ শেষে জানান, বিসিসিআই এখন পর্যন্ত চার জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে। তারা হলেন—ঋষাভ পান্ত, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ শামি। এর বাইরে আসতে পারেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
নাজমুল হাসান বলেন, ‘এশিয়া একাদশে ভারত থেকে চারটা নাম আমরা পেয়ে গেছি। এখন পর্যন্ত আমরা এটুকু জানি, চুক্তি সম্পন্ন হয়নি। শুনেছি ঋষাভ পান্ত, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ শামি। একটা ম্যাচের জন্য বলেছে কেএল রাহুলের কথা। একটা ম্যাচ রাহুল, একটা ম্যাচ কোহলি এ ধরনের কথাবার্তাই বলেছে। কিন্তু, এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।’
বিসিবি সভাপতি জানিয়েছেন, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে দুজন ও নেপাল থেকে একজন ক্রিকেটার থাকবেন এই আসরে। তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিব আছেন, তাদের সঙ্গে মোটামুটি চূড়ান্ত কথা হয়েছে। কিন্তু, চুক্তি সই করিনি, করব। নেপালের (সন্দীপ) লামিছানের সঙ্গে কথা হয়েছে। শ্রীলঙ্কা থেকে (লাসিথ) মালিঙ্গা ও (থিসারা) পেরেরার সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে।’
দেশের মাটিতে খেলা বলেই, দুই ম্যাচের এই টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদেরও আধিক্য থাকবে। এর মধ্যে থাকছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বোর্ড সভাপতি এই প্রসঙ্গে বলেন, ‘দুটি ম্যাচ আছে। তাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েক জনকে খেলাব। তামিম-মুশফিক খেলবেন, এটা নিশ্চিত। আরো থাকবেন রিয়াদ, মুস্তাফিজ। আরেকজন হলেন লিটন দাস। এটা আসলে পজিশনের ওপর ভিত্তি করে ঠিক হবে। এমন না যে আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়রাই খেলতে পারবে এমন না। হতে পারে, ঐ জায়গায় অন্য দেশের আরেকটু ভালো খেলোয়াড় আছে। তবে, আমাদের চার-পাঁচজন থাকবে এটা নিশ্চিত।’
পাকিস্তানের কেউ এই আসরে খেলবেন না পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলার কারণে। নাজমুল হাসান বলেন, ‘পাকিস্তানের পিএসএল চলবে। ২২ মার্চ ফাইনাল। তাই ওদের কেউ আসতে পারবে না। পিসিবি আগেই বিষয়টি আমাদের জানিয়েছে।’
বিশ্ব একাদশে থাকবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের প্রাধান্য। আসছেন ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিস, জনি বেয়ারস্টোরা। বোর্ড সভাপতি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে চার-পাঁচ জন করে আসছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের খেলা চলছে। জানি না কয় জন আসবে। জনি বেয়ারস্টো থাকবে। ক্রিস গেইলেরও থাকার কথা। ডু প্লেসিস থাকবে।’
