বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ইতিহাসে আগে থেকেই সবচেয়ে সফল দল দক্ষিণাঞ্চল। গতকাল নিজেদের উচ্চতাটা আরো বাড়িয়ে নিল এই দলটা।
গতকাল এবারের বিসিএল ফাইনালে পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়েছে দক্ষিণাঞ্চল। এটা ছিল আব্দুর রাজ্জাকদের দলের পঞ্চম বিসিএল শিরোপা এবং এই নিয়ে টানা তিন বার এই ট্রফি ঘরে তুলল তারা। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পূর্বাঞ্চলকে হারাল দক্ষিণাঞ্চল।
এবারের বিসিএলের ফাইনাল ম্যাচটা ছিল পাঁচ দিনের। কিন্তু চার দিনের মধ্যেই শিরোপা নিশ্চিত করে ফেলল দক্ষিণাঞ্চল। গতকাল ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল ২৪৮ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচটা নিজেদের করে নিয়েছিল দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে। আরো ভালো করে বললে, প্রথম ইনিংসে ফরহাদ রেজার সেঞ্চুরি আসলে পার্থক্য করে দিয়েছে। ৮ নম্বরে ফরহাদের এই সেঞ্চরিতে ৪৮৬ রান করেছিল দক্ষিণাঞ্চল। জবাবে পূর্বাঞ্চল ২৭৩ রান করে।
দ্বিতীয় ইনিংসে একেবারেই ধসে পড়েছিল দক্ষিণাঞ্চল। আগের দিনই ১২৫ রানে ৮ উইকেট হারিয়ে ছিল তারা। ৮ নম্বরে নামা মেহেদী হাসান ৫৩ রান করে দলের স্কোর কিছুটা ভদ্রস্থ করেন। তারা অলআউট হয় ১৪০ রানে।
পূর্বাঞ্চলের হয়ে চারটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। এছাড়া রুয়েল মিয়া ২ উইকেট নেন। স্বল্প রানে অলআউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের সামনে ৩৫৪ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে দক্ষিণাঞ্চল। জবাব দিতে নেমে দলীয় ৩৩ রানে ৩ উইকেট হারায় পূর্বাঞ্চল। মাহমুদুল হাসান ও আফিফ হোসেনের ব্যাটে এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা। ৮১ রান করা মাহমুদুল ফরহাদ রেজার বলে আউট হন। শেষ দিকে জাকির হাসান এসে ৪২ রান করে পালটা আক্রমণের চেষ্টা করেছিলেন। খুব একটা লাভ হয়নি। শফিউল ইসলাম ও মেহেদী হাসান তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল-১ম ইনিংস: ১৩৯ ওভারে ৪৮৬/১০
এবং দ্বিতীয় ইনিংস: ৩৫.১ ওভারে ১৪০/১০ (মেহেদী ৫৩; হাসান ৪/৩৫, আবু হায়দার ৪/৫২, রুয়েল ২/২২)।
পূর্বাঞ্চল-১ম ইনিংস: ৮৬.৩ ওভারে ২৭৩/১০
পূর্বাঞ্চল-২য় ইনিংস: ৬৮.৪ ওভারে ২৪৮/১০ (মাহমুদুল ৮১, জাহির ৪২, আফিফ ৩১; শফিউল ৩/৫৬, মেহেদী ৩/৬৬, ফরহাদ ২/৫১)।
ফল: দক্ষিণাঞ্চল ১০৫ রানে জয়ী
রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২-১৩ মধ্যাঞ্চল উত্তরাঞ্চল
২০১৩-১৪ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৪-১৫ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০১৫-১৬ মধ্যাঞ্চল পূর্বাঞ্চল
২০১৬-১৭ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল
২০১৭-১৮ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৮-১৯ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০১৯-২০ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
