বার্নাব্যুতে গার্দিওলার ‘প্রকৃত পরীক্ষা’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

 “২০১৯-২০ মৌসুমকে ‘ব্যর্থ’ তকমা পাওয়া থেকে বাঁচাতে হলে জিততে হবে চ্যাম্পিয়ন্স লিগ”—কথাটা বলেছিলেন খোদ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাই। সে মিশনের প্রথম ধাপে আজ ম্যানচেস্টার সিটি আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদের। তার আগে গার্দিওলা জানালেন, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রকৃত পরীক্ষাই অপেক্ষা করছে তার দলের জন্য। দিনের অন্য ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস খেলবে লিওঁর বিপক্ষে।

মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে ইতিহাস অবশ্য মোটেও কথা বলছে না গার্দিওলার হয়ে। ২০১২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে যে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের মাঠ বড়ো বাধাই হয়ে দাঁড়িয়েছে তার দলগুলোর জন্য!

বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন তিন মৌসুমেই নিজভূমেই শেষ হয়েছিল স্প্যানিশ এই কোচের শিরোপা স্বপ্ন। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল, ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনা আর ২০১৫-১৬ মৌসুমে বায়ার্ন বিদায় নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে।

ম্যানচেস্টার সিটির হয়ে অবশ্য এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ম্যাচ খেলতে স্পেনে পা রাখছেন গার্দিওলা। তবে সিটি কোচের আরেক চিন্তার কারণ অনভিজ্ঞতাও। স্কোয়াডে মোটে দুইজনের আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতি, তাও বেঞ্চে থেকে। ফলে রিয়ালের বিপক্ষে ম্যাচটায় কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে দলকে, অভিমত গার্দিওলার।

সিটি কোচ বলেন, ‘তাদের অনেকেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ নিয়েছে বহুবার। আমাদের খেলোয়াড়দের মধ্যে ক্লদিও ব্রাভো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আর সম্ভবত আরেকজন। আমাদের অনেক খেলোয়াড় নেই যাদের এ অভিজ্ঞতা আছে। আমরা হারতেও পারি কিংবা জিততেও পারি, কিন্তু জিততে হলে তীব্র ইচ্ছাশক্তিটা প্রয়োজন।’

বার্সেলোনার কোচ থাকাকালীন গার্দিওলা রিয়ালকে হারানোর স্বাদ পেয়েছেন পেয়েছেন বহুবার। তাই রিয়ালকে হারানোর রেসিপিটা তার চেয়ে ভালো আর জানবেন কে? দলের প্রতি তাই সিটি কোচের আহ্বান, খেলতে হবে নিজেদের মতো করেই।

গার্দিওলার ভাষ্য, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৮০ মিনিটই স্বরূপে থাকতে হবে আমাদের। এটাই প্রকৃত পরীক্ষা।’ জিনেদিন জিদানের অধীনে কখনোই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না খোয়ানো রিয়ালের চেষ্টাটা তাই থাকবে গার্দিওলার দলের পথ আগলে দাঁড়ানোই।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিপক্ষ অবশ্য তুলনামূলক সহজই। লিওঁর মাঠে তাদেরই বিপক্ষে খেলবে জুভেন্তাস। তার আগে লিওঁ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ বেশ সতর্ক জুভেন্তাস তারকা ও তার দল নিয়ে। রোনালদোর পর্তুগাল-সতীর্থ বলেন, ‘আপনি যখন বার্সা কিংবা জুভেন্তাসের মতো দলের বিপক্ষে খেলবেন তখন যেকোনো দিক থেকেই বিপদ হতে পারে। সবার দৃষ্টি রোনালদোর ওপরই থাকবে।’