ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজে ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আগামীকাল বুধবার শুরু হচ্ছে ‘ইস্ট কোস্ট গ্রুপ বাংলাদেশ আন্তর্জাতিক স্যালন-২০১৮’। এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে অংশ নিতে সারা বিশ্বের ৯ হাজার আলোকচিত্র জমা পড়েছে। এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্রীদের সংগঠন ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি আর্ট ফটোগ্রাফি -ফিআপ এবং ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকা-পিএসএ।
ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৈয়দ সাখাওয়াত কামাল জানান, এই আয়োজনে ৩১৭টি পুরস্কার দেওয়া হচ্ছে। আলোকচিত্রের ৫টি বিভাগে প্রতিযোগিতা চলে। দেশে এবং বিদেশে মিলিয়ে তিনজন অভিজ্ঞ আলোকচিত্রী বিচারক হিসেবে কাজ করেছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত আলোকচিত্রী আনোয়ার হোসেন। মূলত এ প্রতিযোগিতার কাজেই তিনি বাংলাদেশে এসেছিলেন। সাখাওয়াত কামাল বলেন, হেলিকপ্টার রাইডসহ এ প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের এবারের পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রের মধ্য থেকে বাছাই করা ১০০ জন আলোকচিত্রীর ১০০টি আলোকচিত্র স্থান পাবে তিন দিনের এ প্রদর্শনীতে।
এ আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম, বিশেষ অতিথি থাকবেন স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। প্রদর্শনীর সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। সদ্য প্রয়াত আলোকচিত্রী আনোয়ার হোসেনের স্মরণে প্রদর্শনীর দ্বিতীয় দিনে অলিয়ঁস ফ্রঁসেজে বিকাল পাঁচটায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়াও আয়োজকরা আজীবন সম্মাননা ও আলোকচিত্র বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালা পরিচালনা করবেন রফিকুল ইসলাম। প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ইস্ট কোস্ট গ্রুপ। এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
