চলতি মৌসুমে লিভারপুলের রেকর্ড ভাঙা-গড়া কিংবা ছোঁয়া যেনো থামছেই না। গত সোমবার রাতেই যেমন ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩-২ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ম্যানচেস্টার সিটির টানা ১৮টি প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। তবে কোচ য়ুর্গেন ক্লপ জানালেন, সিটির ২০১৭ সালে গড়া রেকর্ডটা যে তার দলের পক্ষেই ছোঁয়া সম্ভব তা কখনো ভাবেননি তিনি!
প্রিমিয়ার লিগে নিজেদের ২৬তম ম্যাচে সোমবার ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল ক্লপের শিষ্যরা। জর্জিনিও ওয়াইনাল্ডামের গোলটির মিনিট তিনেক পরই অবশ্য সমতা ফেরায় সফরকারী ওয়েস্টহ্যাম। সমতায় থেকে বিরতিতে যাওয়া অল রেডরা ৫৪ মিনিটে পাবলো ফোরনালসের গোলে পিছিয়েই পড়ে। তবে এরপর মোহামেদ সালাহ ও সাদিও মানের গোলে টানা ১৮তম জয়টি নিয়েই মাঠ ছাড়ে তারা।
রেকর্ড গড়ার ব্যাপারটাকে ক্লপ নিজে অবিশ্বাস্য ভাবলেও সেটা ঠিকই করে দেখিয়েছেন মানে-সালাহরা। অলরেড কোচ তাতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘এটা বিশেষ কিছু। সংখ্যাগুলো অবিশ্বাস্য, কঠিনও বটে।’
ইংলিশ লিগের ইতিহাসে ঘরের মাঠে টানা জয়ের রেকর্ডটি লিভারপুলেরই ছিল। ১৯৭২ সালে বিল শ্যাঙ্কলির লিভারপুলের ঘরের মাঠে জিতেছিল টানা ২১ ম্যাচ। ওয়েস্টহ্যামের বিপক্ষে জিতে সে রেকর্ডেও ভাগ বসিয়েছে ক্লপের দল। পরের ‘হোম’ ম্যাচে বোর্নমাউথকে হারালে এ রেকর্ডটিও এককভাবে নিজেদের করে নেবেন সালাহরা।
এ জয়ের ফলে শিরোপা থেকে ১২ পয়েন্টের দূরত্বে চলে এসেছে দলটি। লিভারপুল এ মৌসুমে যে ছন্দ নিয়ে এগোচ্ছে তাতে সামনের চার ম্যাচেই শিরোপা জিতে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেটা হয়ে গেলে আরেকটা কীর্তিও গড়ে বসবে ক্লপের শিষ্যরা।
প্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে শিরোপা জেতার কীর্তিটা ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০০০-০১ সালে দলটি শিরোপা জিতে গিয়েছিল এপ্রিল মাসেই। আর লিভারপুল চার ম্যাচ জিতলে মার্চেই শিরোপা নিশ্চিত করে রেকর্ডটি নিজেদের আয়ত্তে নিয়ে আসবে।
আপাতত সে চিন্তাই ঘুরছে ক্লপের মগজে, ‘আমি বলেছি আমরা আমাদের নিজেদের গল্প লিখতে চাই, নিজেদের ইতিহাস সৃষ্টি করতে চাই। ছেলেরা যেভাবে একে গুরুত্ব দিয়ে দেখছে সেটা ভালো ব্যাপার তবে এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা কেবলই একটা পরিস্থিতিতে আছি এবং আমরা সেরে উঠতে চাই ও পরের ম্যাচের জন্যে প্রস্তুতি নিতে চাই।’
