বিভাগের পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাকে মঙ্গলবার সকালে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত জয়িতারা পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থের চেক প্রদান করা হয়। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় মহিলাবিষয়ক অধিদফতর এ সংবর্ধনার আয়োজন করে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন।
পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন— সফল জননী ক্যাটাগরিতে হালিমা খাতুন (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিভাগে শাহিনুর আক্তার (পটুয়াখালী), সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নয়ন তারা (পিরোজপুর), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোয়ারা বেগম (বরিশাল) এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য হাসিনা আরা বেগম (বরিশাল)।
