রাজধানীর ওয়ারী এলাকা থেকে কোবরা সাপের ২৭ পাউন্ড বিষসহ চারজনকে আটক করেছে র্যাব-১০। এই বিষের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে র্যাব জানিয়েছে। গত রবিবার রাতে ওয়ারীর ২৯ নম্বর র্যাংকিন স্ট্রিটের রোজ ভ্যালি মার্কেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. মিজানুর রহমান, মো. শাহিন রেজা, আশিক ইকবাল ও মো. সোহাগ। র্যাব বলছে আটককৃতরা সবাই সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সদস্য।
র্যাব-১০ এর সিনিয়র এএসপি আশরাফি তানজিনা গতকাল সোমবার জানান, গোপন সংবাদে র্যাব-১০ এর ধলপুর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানির কমান্ডার আলী রেজা রাব্বী রোজ ভ্যালি মার্কেটে অভিযান চালান। এ সময় ৬টি জারে রাখা ২৭ পাউন্ড কোবরা সাপের বিষ, ৩টি নমুনা টিউব, ১টি ক্যাটালগ ও ১টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা সাপের বিষের মূল্য ৩ কোটি টাকা। আশরাফি তানজিনা আরও জানান, গোয়েন্দা তথ্য ও আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দেশ থেকে সাপের বিষ এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
