রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে ৪ লাখ টাকাসহ বিএনপি নেতা মির্জা আব্বাসের দুই সমর্থককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন— মহিদ ও শহিদ। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে শাজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, ভোটারদের প্রলুব্ধ করতে এ টাকা বিতরণ করছিলেন এ দুজন। তারা ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থীর ভাই মির্জা খোকনের বন্ধু বলেও জানিয়েছেন গোয়েন্দারা।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুল ইসলাম বলেন, আমাদের কাছে খবর ছিল শাহজাহানপুর আল-বারাকাহ হাসপাতালের সামনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে তাদের টাকা দিচ্ছিল। এ সময়ে একটি ব্যাগ ভর্তি চার লাখ টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে এ টাকা এসেছে।
