মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির ক্রাশ প্রোগ্রাম শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

মশার উপদ্রব নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার দুপুরে কলাবাগান মাঠে এ ক্রাশ প্রোগ্রাম উদ্ধোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী যেসব এলাকায় মশার ঝুঁকি বেশি সেসব স্থানে বেশি গুরুত্ব দিয়ে বিশেষ টিম কাজ করবে। এডিস মশা নিয়ন্ত্রণে এর উত্স নির্মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য নাগরিকদের সচেতন হওয়া এবং নিজ নিজ বসতবাড়ি, আঙ্গিনা ও তার আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মেয়র।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত জরিপের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫, ৬, ১১, ১৭, ৩৭ এবং ৪২ এই ৬টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ঘোষিত এলাকাসমূহ ঝুঁকিমুক্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে করপোরেশনের মশক কর্মী ও পরিচ্ছন্ন পরিদর্শক প্রতিটি বাড়ি গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করবেন এবং অধিবাসীদের লার্ভা ধ্বংস করার কৌশল শিখিয়ে দেবেন। এর পরও কেউ সচেতন না হলে এবং জনস্বাস্থ্যর জন্য ব্যাপক ক্ষতিকর অবস্থা দেখা গেলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।