বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে থাকলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এই আস্থার মর্যাদা সেনাবাহিনী রক্ষা করবে। জনগণ যা চায় তাই করবে। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার ব্যবস্থা করবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে; এরপর ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহাড়া দিবেন; আর গণনা শেষে ভোটের ফলাফল নিয়ে আসবেন। ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠেছে; এই জোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ পরাজিত হবে এবং ধানের শীষের বিজয় হবে। গত রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
এসময় ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়ে দেয় এলাকাবাসী। তিনি মঞ্চে উঠার পরপরই স্থানীয় কয়েকজন টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন।
