আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন মোবাইল ইন্টাররেটের গতি কমিয়ে আনার সিদ্ধান্তে এখনও অনড় নির্বাচন কমিশন (ইসি)। ব্যবস্থা নিতে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রেখে শুধুমাত্র টুজি সেবা চালু রাখা হবে। একই সাথে ভোটের আগের এবং পরের দিনও অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের গতকাল সোমবার বৈঠক হয়েছে।
সংশিষ্ট সূত্র জানায়, আইনগত সমস্যা এড়াতে নির্বাচন কমিশন বিটিআরসির সহযোগিতায় লিখিত নির্দেশ ছাড়াই এ ধরনের ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছে। কিন্তু মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত নির্দেশ ছাড়া এ ধরনের ব্যবস্থা নেয়া তাদের জন্য সমস্যার কারণ হবে। এদিকে গতকালের বৈঠকের আগেই বিটিআরসি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে।
