নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি চরবগজুড়ি গ্রামের মৃত ময়ের আলী খন্দকারের ছোটো ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সন্ধ্যায় লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার কালনা ঘাটস্থ নিজ ইটভাটা থেকে মোটরসাইকেলে চরবগজুড়ি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি লোহাগড়া-কালনা মহাসড়কের টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ধারালো অস্ত্রের কোপে তার দুই পা হাঁটুর নিচ থেকে কেটে পড়ে যায়। এছাড়া তার বাম হাতের তিনটি আঙুলসহ ডান হাতের কবজি কেটে ঝুলে যায়। পথচারীরা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। কিন্তু তার জখম গুরুতর হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বদর খন্দকারের পরিবারসহ এলাকাবাসীর ধারণা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এছাড়া তার ইটভাটা সংক্রান্ত দেনা-পাওনা নিয়েও বিরোধ শোনা যায়। ঐ ঘটনা নিয়ে একাধিক সালিশও হয়েছে বলে জানা যায়। তবে এখনো এ খুনের প্রকৃত কারণ জানা যায়নি।
