মির্জাপুরে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অপরদিকে সাভারে প্রেমিকের সহায়তায় গণধর্ষণের শিকার হয়েছেন আরেক পোশাককর্মী। আর বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফরিদপুরে এসএসসির এক পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে ইত্তেফাকের রিপোর্টার ও সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মির্জাপুরে শিশু ধর্ষণের সঙ্গে জড়িত অভিযোগে সুরুজ আলী (১৪) নামে এক কিশোরকে পুলিশ আটক করেছে। উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। শিশুটি এখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাপোর্ট সেন্টারে চিকিত্সাধীন। মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, ধর্ষণের শিকার শিশুটির বাবা পেশায় রিকশাচালক এবং মা গার্মেন্টস কর্মী। বাড়ি নওগাঁ জেলায়। স্বামী-স্ত্রী মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের একটি গ্রামে ভাড়া থাকেন। গত রবিবার শিশুটি পাশের বাসায় টিভি দেখতে যায়। ঘরে অন্য কেউ না থাকায় কিশোর সুরুজ তাকে ধর্ষণ করে। বাড়িতে এসে তার মা-বাবা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং সেখানে অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। শিশুর মা সোমবার মির্জাপুর থানায় অভিযোগ করেন। পুলিশ সুরুজ আলীকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু সাদেক বলেন, আটক সুরুজকে টাঙ্গাইল কোর্টের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে, সাভারের আশুলিয়ায় প্রেমিকের সহায়তায় এক নারী শ্রমিককে (১৯) ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে নারী শ্রমিকের প্রেমিক সামিউল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে ভুক্তভোগী ঐ তরুণী বাদী হয়ে সামিউলসহ তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুই ধর্ষক হলো—আশুলিয়ার নরসিংহপুর এলাকার মৃত জলিল সরকারের ছেলে রানা সরকার (২৫) ও একই এলাকার মৃত জামাল মোল্লার ছেলে আরিফ হোসেন (২৯)। পলাতক প্রেমিক পোশাক শ্রমিক সামিউল ইসলাম মৃধা ওরফে সোহান (২২) আশুলিয়ার নরসিংহপুর এলাকার মঞ্জুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি নাটোর জেলার লালপুরে। গ্রেফতারকৃত রানা এর আগেও একটি গণধর্ষণ মামলায় জেল খেটেছে। সম্প্রতি সে জামিনে বের হয়ে আসে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এছাড়া, ফরিদপুরের সালথায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চলমান এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি সুজন খন্দকার (২১) বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে বড়খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ওসমান খন্দকারের ছেলে। সোমবার দিবাগত রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
